২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোটকেন্দ্রে বাধা দেওয়ার অভিযোগ শুনবে ইসি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার এবং নাজেহালের অভিযোগ তদন্তে গঠিত কমিটি ভোটগ্রহণ কর্মকর্তা ও সাংবাদিকদের বক্তব্য শুনবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

২৪ ও ২৫ মে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে নির্বাচনী গোলযোগে আহত সাংবাদিকদের পাশাপাশি নির্বাচনসংশ্লিষ্ট প্রায় ৫০ জনের বক্তব্য শুনবেন কমিটির সদস্যরা।

এই নিয়ে সোমবার সকালে কমিটির করণীয় ঠিক করতে বিভাগীয় কমিশনার কার্যালয়ে বৈঠকে বসেছন সদস্যরা।

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর লাল সাহাকে প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ।

কমিটির সদস্য সচিব করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব ফরহাদ আহমেদ খানকে, যিনি রোববার থেকে চট্টগ্রামে অবস্থান করছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা) মো. সামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনে সাংবাদিকদের প্রবেশে বাধা এবং নাজেহালের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা কর্মপরিধি মেনে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “আগামী এক মাসের মধ্যে কমিটিগুলো নির্বাচন কমিশন সচিবালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে।”

কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের করণীয় নির্ধারণে সকালে (সোমবার) বৈঠকে বসেছিলাম।”

দু-একদিনের মধ্যে আহত সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট ২০ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রার্থীদের চিঠি দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

গত ২৮ এপ্রিল ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।