২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুর প্রিপারেটরি: তদন্ত প্রতিবেদন জমা

শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ উঠার পর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে, যাতে সন্দেহভাজন হিসেবে এক কর্মচারীকে চিহ্নিত করে তাকে পুলিশে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2015, 12:14 AM

Updated : 22 Aug 2022, 12:17 PM

এদিকে অভিভাবকদের বিক্ষোভের মধ্যে রাজধানীর এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও রোববারও উত্তেজনা ছিল। তবে এদিন কোনো অভিভাবককে দেখা না গেলেও শিক্ষক-কর্মচারী এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর জটলা ছিল প্রায় দিনভর।

এদিকে উপাধ্যক্ষ জিন্নাতুন নেছাকে যে মন্তব্য করার অভিযোগ এনে প্রত্যাহার করা হয়েছে, রোববার পর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে।

প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠার পর গত ৯ মে থেকে এই স্কুলে উত্তেজনা চলছে।

অভিভাবকদের বিক্ষোভের মুখে শনিবার শিক্ষা প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য ম তামিম উপাধ্যক্ষকে প্রত্যাহার, সব পুরুষকর্মীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে তাদের শান্ত করেন। তদন্ত কমিটি আগেই করা হয়েছিল।

তিন সদস্যের ওই কমিটি রোববার তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

কমিটির প্রধান ড. মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তে ওয়াই গোপাল নামে এক ক্লিনারকে সান্দেহভাজন হিসাবে শনাক্ত করা হয়েছে। তাকে চাকরিচ্যুত করার পাশপাশি আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।”

এই কর্মচারীকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে বলে স্কুলের অধ্যক্ষ বেলায়েত হোসেন জানিয়েছেন। একইসঙ্গে শনিবার শফিকুল নামে অন্য এক কর্মচারীকেও বরখাস্ত করা হয়, যার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ছিল অভিভাবকদের।

মুস্তাফিজুর বলেন, “আমরা পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর যৌন নির্যাতনের কারণে মৃত্যু এবং উপাধ্যক্ষ জিন্নাতুন নেসার মন্তব্য নিয়ে অভিভাবকরা বিভিন্ন মাধ্যমে যে সব মন্তব্য করে আসছেন, তারও তদন্ত করেছেন। এসব ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি।”

অভিভাবকদের দাবির মুখে উপাধ্যক্ষকে অব্যাহতির ঘোষণা দেওয়া হলেও তা নিয়ে অসন্তোষ রয়েছে শিক্ষকদের। কর্মচারীরাও অভিভাবকদের আন্দোলনে ক্ষুব্ধ।   

ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিক্ষোভের মুখে তিনি জিন্নাতুন নেসাকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করার ঘোষণা দেন। তবে এ ব্যাপারে বোর্ডের সভা ডেকে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এদিকে বিদ্যালয় প্রাঙ্গণে রোববার জটলারত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা হলে তারা জানায়, একদল অভিভাবক বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। তাদের কাজের প্রতিবাদ করায় শনিবার অভিভাবকদের দ্বারা কয়েকজন শিক্ষার্থী প্রহৃত হন। এর প্রতিবাদে তারা জড়ো হয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করছেন।

এছাড়া স্কুলে বেশ কিছু শিক্ষককে মাঠে-বারান্দায় বিভিন্নভাবে জটলা করতে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাধ্যক্ষকে পুনর্বহালের দাবি ছাড়াও শিক্ষার্থীদের মারধর এবং শিক্ষার্থীর মৃত্যু নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালানোর জন্য যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে আমরা কর্মসূচি দেব।”

স্কুলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আতাউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি চক্র স্কুলের উন্নতি দেখে ঈর্ষান্বিত হয়ে প্রপাগান্ডা চালাচ্ছে। যে সব অভিযোগ এসেছে তার প্রায় সবটি মিথ্যা এবং ভিত্তিহীন।”

উপাধ্যক্ষের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “উপাধ্যক্ষ অনেক সৎ এবং নিষ্ঠাবান। তিনি ৩৬ বছর ধরে সেখানে সুনামের সাথে তার দায়িত্ব পালন করছেন। যে মন্তব্যের কথা বলা হচ্ছে, সেটা তিনি বলেছেন এধরনের কোনো প্রমাণ নেই।”

কয়েকজন অভিভাবক দ্বারা শিক্ষার্থীদের মারধরের বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা তামিম।

তিনি সাংবাদিকদের বলেন, বিক্ষোভকারী অনেকেই প্রকৃত অভিভাবক নন বলে তাদের ধারণা। এজন্য অধ্যক্ষকে লাঞ্ছনা, উপাধ্যক্ষের কক্ষ ভাংচুর, শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন ঘটনার ভিডিও চিত্র তারা সংগ্রহ করছেন।

পুরনো খবর:

যৌন হয়রানি: মোহাম্মদপুর প্রিপারেটরির উপাধ্যক্ষকে অব্যাহতি