পণ্য নিতে লিথুনিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে লিথুনিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত লাইমোনাস তালাত-কেলপসা সৌজন্য সাক্ষাতে গেলে তাকে এই আহ্বান জানান তিনি।
তালাত-কেলপসা রোববার সন্ধ্যায় গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।
লিথুনিয়ার রাষ্ট্রদূত তার দেশের প্রেসিডেন্ট দালিয়া গ্রেবোশকাইতে এবং প্রধানমন্ত্রী আলগ্রিদাস বুটকেভিসিয়াসের পক্ষ থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তাকে অভিনন্দন জানান।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয় বলে জানান শামীম চৌধুরী।
লিথুনিয়ার রাষ্ট্রদূত শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের প্রশংসাও করেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং মুখ্য সচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।
