মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
মুন্সীগঞ্জের চর মুক্তারপুর ও সদর উপজেলার পঞ্চসারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার ভোরে শহরের উপকণ্ঠে চর মুক্তারপুরে শাহ সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় ট্রাক চাপায় জাহাঙ্গীর আলম (২৫) নামে একজন নিহত হন।
আর সদর উপজেলার পঞ্চসারের বানিয়া বাড়ি এলাকয় অটোরিকশার নিচে চাপা পড়ে কনিকা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়।
সদর থানার ওসি মো. ইউনুছ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত জাহাঙ্গীর একজন কভার্ড ভ্যান চালক। তিনি নোয়াখালীর আবুল কালামের ছেলে।
“ভোরে জাহাঙ্গীর পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় ফরিদপুর থেকে আসা একটি সিমেন্টের ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, পুলিশ ট্রাকচালক দাউদ খন্দকারকে (২৫) আটক করেছে। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করার প্রস্ততি চলছে।
কাছাকাছি সময়ে পঞ্চসারে অটোরিকশায় চাপা পড়ে নিহত কনিকা বানিয়াবাড়ি এলকার জামাল ঢালীর মেয়ে।
সদর থানার ওসি বলেন, “ভাইয়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় কনিকা। মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
