বঙ্গবন্ধু সেতুতে বাসের ধাক্কায় পুলিশ নিহত
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ৫০ গজ দূরে দায়িত্ব পালনের সময় বাসচাপায় নিহত হয়েছেন পুলিশের এক কনস্টেবল।
থানার ওসি আখেরুজ্জামান জানান, রোববার ভোরে থানার কাছে তল্লাসি চৌকির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল আবদুল মজিদ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চন্দ্রিপুর গ্রামের লোহাই প্রামানিকের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কের গোলচত্বর এলাকায় তল্লাসি চৌকিতে পুলিশের পিকআপে ছিলেন মজিদ। ঢাকাগামী শ্যমলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।
ভ্যানের ভেতর থেকে গুরুতর আহত মজিদকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
