২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা

গৃহযুদ্ধের মধ্যে থাকা উত্তর আফ্রিকার দেশ লিবিয়া নতুন করে বাংলাদেশি শ্রমিক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 May 2015, 11:36 AM

Updated : 25 Apr 2022, 01:22 PM

দেশটি বলছে, কাজ নিয়ে লিবিয়ায় আসার পর অনেকেই নৌকায় করে ভূমধ্যসাগার পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।

মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গৃহযুদ্ধবিধ্বস্ত লিবিয়া সাম্প্রতিক সময়ে ইউরোপমুখী মানবপাচারের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।  লিবিয়া উপকূল থেকে সাগর পথে ইতালি হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে অবৈধ অভিবাসীদের।

লিবিয়া সরকারের মুখপাত্র হাতেম উরাইবি শনিবার বলেন, “বাংলাদেশি শ্রমিকদের লিবিয়ায় ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। তারা লিবিয়ার কোম্পানিতে চাকরি নিয়ে আসে। কিন্তু তারপর অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করে।”

অবৈধ অভিবাসন ঠেকাতে লিবিয়া সরকারের উদ্যোগের অংশ হিসাবেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

লিবিয়া সরকার বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও এই আদেশ তারা বাস্তবায়ন করতে পারবে কেবল দেশের পূর্বাঞ্চলের জল, স্থল ও আকাশসীমার ক্ষেত্রে। দেশের কেবল ওই অংশটিই আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবীয় সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে ত্রিপোলিসহ লিবিয়ার পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে বিদ্রোহীদের একটি পক্ষ, যারা নিজেরাই সেখানে সরকার চালাচ্ছে। নৌকায় করে অবৈধ অভিবাসীদের ইতালিতে পাঠাতে ভূমধ্যসাগরের তীরবর্তী লিবিয়ার ওই অঞ্চলটিই মানবপাচারকারীরা নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর সাড়ে পাঁচ মাসেই ৬০ হাজারের বেশি লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছে।

এ ধরনের যাত্রায় দুর্ঘটনায় পড়ে এ বছর অন্তত ১ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়, যা গতবছরের একই সময়ের তুলনায় ২০ গুণ বেশি।   

গত মাসে লিবিয়া উপকূল থেকে রওনা হয়ে ইতালির সীমান্তবর্তী দ্বীপ ল্যাম্পেডুসায় যাওয়ার পথে নৌকাডুবে প্রায় ৯০০ অভিবাসী নিহত হন বলে ধারণা করা হয়।