২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় স্ত্রী নির্যাতনের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধায় এক গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 10:25 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

শুক্রবার রাতে আব্দুস সোবহান সরকারকে (৪১) শহরের ১ নম্বর রেলগেট থেকে গ্রেপ্তারের পর শনিবার গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

সোবহান সরকার কয়রা নবজাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গাইবান্ধা সদর থানার ওসি আহমেদ রাজিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার খামার বোয়ালী গ্রামে নিজ বাড়িতে যৌতুকের জন্য স্ত্রী নিলুফাকে মারধর করে সোবহান।

“এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে নিলুফার মাথায় আঘাত করলে তার চিৎকার শুনে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।”

এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে নিলুফা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বলে জানান ওসি।