রাঙামাটিতে বজ্রপাতে গৃহবধূ নিহত
রাঙামাটির বরকলে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে তার দুই মেয়ে।
শনিবার সকালে উপজেলার ভূষণছড়া ইউনিয়নের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ নাজমা আক্তার (৩৮) সরকার পাড়ার বাসিন্দা ছিলেন।
এ ঘটনায় আহত নাজমার মেয়ে ময়না খাতুন (১৬) ও কুসলুম আক্তারকে (১৪) রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরকল থানার ওসি আব্দুর করিম জানান, সকালে নাজমা দুই মেয়েকে নিয়ে বাড়ির উঠানে কাজ করছিলেন।এ সময় বজ্রপাত হলে তারা আহত হন। উদ্ধার করে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
