লক্ষ্মীপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
শনিবার সকালে সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার সার্কেল মো. নাসিম মিয়া জানান, উত্তর জয়পুর গ্রামের ছৈয়াল বাড়ির মুজিবুল হকের ঘরে চুরির অভিযোগে ওই যুবককে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে মজিবুল হক সিএনজি অটোরিকশায় করে মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে রেখে পালিয়ে যান।
এ সময় সেখানে থাকা লোকজন অটোরিকশা চালককে আটক করে পুলিশে হস্তান্তর করে।
এ ব্যাপারে মজিবুল হক বলেন, “ওই যুবক ঘরে ঢুকে মোবাইল, নগদ টাকা ও চার্জ লাইট নিয়ে পালানোর সময় আমরা তাকে হাতেনাতে আটক করি। এ সময় শোর চিৎকারে এলাকাবাসী এসে পিটুনি দিলে তার মৃত্যু হয়।”
মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা নাসিম।
