২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে স্কুল ছাত্রের লাশ উদ্ধার, আটক দুই

অপহরণের ১৯ দিন পর নোয়াখালীর সোনাইমুড়ী  থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 09:36 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

শুক্রবার বিকালে ইব্রাহিম খলিল মহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়। ইব্রাহিম জগজীবনপুর গ্রামের প্রবাসী আবদুল কাদেরের ছেলে এবং কালিকাপুর জাকিয়া মেমোরিয়াল কেজি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

লাশ উদ্ধারের আগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার কাজ চালানো হয়।

সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, গত ২৬ এপ্রিল স্কুলে যাওয়ার পর আর ফেরেনি ইব্রাহিম।

এরপর গত ৪-৫ দিন আগ থেকে ইব্রাহিমকে অপহরণ করা হয়েছে জানিয়ে মোবাইল ফোনে ইব্রাহিমের পরিবারে কাছে মুক্তিপণ দাবি করে আসছিল এক ব্যক্তি।

পরিবারের লোকজন থানায় জানালে মোবাইল ট্র্যাকিং করে বৃহস্পতিবার রাতে মো. ওসমান (২২) ও শাকিব (২২) নামে দুই যুবকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার সকালে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে ইব্রাহিমকে হত্যা পর মাটিচাপা দিয়ে রাখা হয়েছে বলে জানায় তারা।  

তাদের দেওয়া তথ্যমতে বিকালে ইব্রাহিমের লাশ উদ্ধার করে পুলিশ।

ওসমান জগজীবনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। শাকিবও ওই একই গ্রামের বাসিন্দা বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ও জানান ওসি।