২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবক ‘খুন’, কথিত প্রেমিকাসহ গ্রেপ্তার ৪

গাজীপুরের টঙ্গীতে কথিত প্রেমিকার হাতে এক যুবক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 07:53 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

নিহত মিলন বসাক (২৮) মাধববাড়ি এলাকার হরি বসাক সাধুর ছেলে।

এ ঘটনায় শুক্রবার নিহতের বড়ভাই লালন বসাক টঙ্গী থানায় মামলা করার পর এক নারীসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন মিলনের কথিত প্রেমিকা দীপা চৌধুরী, তার ছোট বোন সুমা চৌধুরী (২৬), বান্ধবী রুমা আক্তার (২১) ও দীপার কথিত নতুন প্রেমিক সজীব ঘোষ (২৬)।

শুক্রবার দুপুরে আদালতে হাজির করে টঙ্গী থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন।

আদালত দীপা ও সুমাকে দুইদিন এবং সজীবকে তিন দিন জিজ্ঞাসাবদে নেওয়ার আদেশ দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মালেক খসরু জানান, মিলন বসাক ও দীপা চৌধুরীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ও মিলন প্রায়ই দীপাদের বাসায় যাতায়াত করতেন।

গত মঙ্গলবার (১২ মে) সকালে মিলন তাদের জয়দেবপুরের বাসা থেকে বের হয়ে আর ফিরেননি।

এরপর বৃহস্পতিবার (১৪ মে) রাতে দীপা মিলনদের বাসায় ফোন করে জানান, ওইদিন সন্ধ্যা ৭টায় মিলন তাদের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী হাসপাতালে নেয়া হয়, সখোনে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে সজীবকে পরিকল্পিতভাবে দীপা ও তার নতুন প্রেমিক সজীব খুন করেছেন বলে অভিযোগ নিহতের স্বজনদের।

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে মৃত অবস্থায় মিলনকে হাসপাতালে আনা হয়।

শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান খসরু।