মেঘনায় ছেলেসহ ঝাঁপ দেওয়া নারীর লাশ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতু থেকে ছেলেসহ ঝাঁপিয়ে পড়ার ২৫ ঘণ্টা পর মাজেদা আক্তার কেয়ার (২৮) লাশ উদ্ধার করেছে ডুবরিরা।
গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, শুক্রবার বিকাল ৫টায় মেঘনা সেতুর নীচে তার লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝাঁপ দেওয়ার পর জীবিত উদ্ধার করা হয় কেয়ার ৩ বছরের ছেলে আদিয়ানকে। আদিয়ান এখন কেয়ার ভাই হাসিম হোসেনের কাছে রয়েছে।
কেয়ার লাশ গজারিয়া থানায় রয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।
কেন কেয়া নদীতে ঝাঁপ দিল তার তদন্ত চলছে। এরপর বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
কেয়ার ভাই হাসিম জানান, কুমিল্লা জেলা সদরের রসুলপুর গ্রামের মাহামুদুর রহমান মাসুমের সঙ্গে কেয়ার বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে যৌতুকের জন্য মারধর করত।
এক বছর আগে কেয়া স্বামীর বাড়ি থেকে কুমিল্লায় বাবার বাড়ি চলে আসেন।
নারী নির্যাতনের অভিযোগে ঢাকার আদাবর থানায় কেয়া একটি মামলাও করেন।
হাসিম বলেন, বৃহস্পতিবার সেই মামলার কাজে কেয়া কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলেন। এরপর তারা আর কিছু জানেন না।
বৃহস্পতিবার দুপুরে মেঘনা সেতুর উপর থেকে তিন বছরের ছেলে আদিয়ানকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন মাজেদা আক্তার কেয়া। ওই সময় নদীর তীরে পাথর ভাঙ্গার শ্রমিকরা দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে। কিন্তু মাকে উদ্ধার করতে পারেনি তারা।
