২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে গোসলে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

রাজধানীর লালবাগে বৃষ্টির পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 06:47 PM

Updated : 25 Apr 2022, 01:22 PM

নিহতরা হলেন- রুমা আক্তার (৩২) ও সোহানুর রহমান রিফাত (০৫)। তারা লালবাগের রসুলবাগ এলাকার বাসিন্দা।

লালবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে বৃষ্টি শুরু হলে রসুলবাগ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার একটি বাড়িতে রুমা, রিফাত, রিফাতের মা জরিনা বেগম এবং তাদের প্রতিবেশী নিশাত উঠানে গোসল করছিলেন।

এসময় বিদ্যুতের তার ছিঁড়ে তাদের টিনশেড ঘরের উপর এবং উঠোনে পড়ে। উঠোনে জমে থাকা পানিতে বিদ্যুতের তার পড়লে চারজন তড়িতাহত হন।

বিকাল ৫টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

রুমা ও রিফাতের পরিবার রসুলবাগের ১৮৫ নম্বর বাড়িতে থাকেন। রুমার স্বামীর নাম শামছুল ইসলাম, আর রিফাতের বাবার নাম দুলাল মিয়া।