‘নাশকতার অন্যতম কুশীলব সালাহ উদ্দিন’
অবরোধে নাশকতায় প্রাণহানিসহ ক্ষয়ক্ষতির পিছনে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের হাত ছিল অভিযোগ করে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার রাতে খুলনায় র্যাবের এক অনুষ্ঠানে তিনি বলেন, “চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে হরতাল ও অবরোধের নামে ১৫০ জন মানুষ পুড়িয়ে হত্যা, প্রতিদিন ২০০ কোটি টাকার ক্ষতিসহ আত্মবিনাশী কর্মকাণ্ডের অন্যতম কুশীলব বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ।
“তাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।”
গত ৫ জানুয়ারি থেকে বিএনপির অবরোধে নাশকতায় প্রাণহানির মধ্যে অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে আসার এক পর্যায়ে সালাহ উদ্দিন নিখোঁজ হন বলে তার পরিবার জানায়।
গত ১০ মে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাদা পোশাকের পুলিশ বিএনপির এই যুগ্ম মহাসচিবকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ।
দুই মাস নিখোঁজ থাকার পর গত সোমবার ভারতের শিলংয়ে ইতস্তত ঘোরাঘুরির সময় পাসপোর্ট-ভিসাহীন অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন। অসংলগ্ন আচরণের কারণে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়।
পরদিন মঙ্গলবার শিলংয়ের একটি হাসপাতাল থেকে সালাহ উদ্দিনের ফোন পান তার স্ত্রী হাসিনা আহমেদ।
সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ইন্টারপোলের ঢাকা অফিস থেকে ভারতীয় পুলিশকে একটি ‘রেড নোটিস’ পাঠানো হয়েছে বলে কলকাতার একটি দৈনিক জানিয়েছে।
সালাহ উদ্দিন আহমেদ
তিনি বলেন, “র্যাব জঙ্গিদের খুঁজে পাচ্ছে না- একথা সঠিক নয়। জঙ্গি দমনে একমাত্র বাংলাদেশেরই সাফল্য রয়েছে। জঙ্গি সংগঠন জেএমবিকে নির্মূল করা সম্ভব হয়েছে।”
দেশের জনগণ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা অব্যাহত রাখলে দেশ থেকে জঙ্গিবাদ সমূলে নির্মূল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত তিন মাসে খুন হওয়া তিন ব্লগারের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন র্যাব মহাপরিচালক।
তিনি বলেন, “ইতোমধ্যে রাজীব হায়দারের হত্যাকারীদের আটক করা হয়েছে। কাজেই হত্যাকারীদের ধরা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। যেভাবেই হোক আইন-শৃঙ্খলা বাহিনী হত্যাকারীদের খুঁজে বের করবেই।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, র্যাব-৬ খুলনার কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এনামুল আরিফ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
