২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে হোটেলে বিএম কলেজ ছাত্রের লাশ

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 09:17 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

বুধবার রাতে শাহিন সরদার কিসলুর (২৫) লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার কিসলুর লাশ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা।

কিসলু ঝালকাঠীর নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের এনায়েত হোসেন সরদারের ছেলে এবং বিএম কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র ছিলেন।

কিসলুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্ত শেষে নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান।

নিহতের পরিবার ও হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বুধবার ভোর ৬টার দিকে নগরীর চকবাজার এলাকার ‘হোটেল বরিশাল’ এর ১০৩ নম্বর কক্ষ ভাড়া নেন বশির হাওলাদার নামে এক ব্যক্তি।

রেজিস্টার খাতায় ঠিকানা লেখা হয়েছে ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার তালতলী গ্রাম। বাবা মৃত সিরাজ মিয়া।

কক্ষ ভাড়া নেওয়ার প্রায় ২ ঘণ্টা পর অপর এক যুবক ওই কক্ষে প্রবেশ করেন।

বিকালে দুজনের মধ্যে একজনকে বাইরে বেরিয়ে যেতে দেখেছে হোটেলের কর্মচারীরা।

ওসি সাখাওয়াত আরও জানান, রাত ১০টার দিকে ১০৩ নম্বর কক্ষের বাইরে থেকে তালা ঝুলতে দেখে ভিতরে দেখার চেষ্টা করেন এক কর্মচারী।

এ সময় কক্ষের ভিতরে নিহত কিসলুকে পড়ে থাকতে দেখে তাকে ডাকাডাকি করেন।

কিন্তু তার সাড়া পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।

পুলিশ রাত ১১টায় পুলিশ কক্ষের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

এঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি সাখাওয়াত হোসেন।