বিটিআরসির আন্তর্জাতিক কল তদারকির বিরুদ্ধে রিট খারিজ
আন্তর্জাতিক কল আদান-প্রদানে প্রস্তাবিত ও পরীক্ষামূলকভাবে চালানো নেটওয়ার্ক টপোলজি অনুসরণের বৈধতা নিয়ে করা তিনটি রিট খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
ফলে প্রস্তাবিত ও পরীক্ষামূলকভাবে অনুমোদিত নেটওয়ার্ক টপোলজি অনুসরণ করে আন্তর্জাতিক কল আদান-প্রদান নজরদারি করতে বিটিআরসির আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব।
তিনটি আন্তর্জাতিক কল আদান-প্রদানকারী প্রতিষ্ঠানের করা পৃথক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আবেদনকারী তিন প্রতিষ্ঠান হচ্ছে- বাংলাটেল, বিজিটেল ও ডিবিএল টেলিকম।
আদালতে আবেনকারী পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও এম কে রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিটিআরসির পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও খন্দকার রেজা-ই-রাকিব।
আদেশের পর ব্যারিস্টার রেজা-ই-রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিও) প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক কল আদান-প্রদানের ওপর ২৪ মার্চ একটি মনিটরিং ব্যবস্থা (আইওএস) পরীক্ষামূলকভাবে চালু করে বিটিআরসি।
“২৯টি প্রতিষ্ঠান আইজিডব্লিও লাইসেন্সধারী হলেও এর মধ্যে ২৩টির কার্যক্রম চলমান। ওই তিনটি প্রতিষ্ঠান আইওএস ব্যবস্থার বৈধতা নিয়ে ৪ মে পৃথক রিট করে। তিনটি রিট সরাসরি খারিজ করে দিয়েছে আদালত।’
