ভূমিকম্প: জানমাল রক্ষায় দোয়ার আহ্বান
ভূমিকম্প মোকাবেলায় দৃশ্যত কোনো উদ্যোগ দেখা না গেলেও এই দুর্যোগ থেকে ‘জানমাল রক্ষায়’ জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া করতে বলেছে সরকার।
গত এক মাসে নেপালে কয়েক দফা ভূমিকম্পে বাংলাদেশও কেঁপে ওঠার মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ায় জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। সম্প্রতি নেপালে ভূমিকম্পে ১০ হাজারের অধিক মানুষ নিহত হয়েছে এবং ৫০ হাজার আহত হয়েছে। বাংলাদেশেও ঘন ঘন ভূকম্পন অনুভূত হচ্ছে।
“ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য মহান রাব্বাল আলামিনের দরবারে মসজিদে মসজিদে সকল নামাজের পর এবং বিশেষ করে জুম্মার নামাজের পর বিশেষ দোয়া ও মুনাজাতের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়েছে।”
মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনে মসজিদ কর্তৃপক্ষকেও অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
গত ২৫ মে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পর দেশটিতে আরও কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
নেপালের ওই ভূমিকম্প বাংলাদেশে কয়েকটি ভবন হেলে পড়া এবং চিড় ধরার ঘটনা ঘটেছে।
