মৌলভীবাজারে ৩ মোটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) কে এম নজরুল জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার কিসপপুর এলাকায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মিল্লাত নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি মৌলভীবাজারের কোনাগাঁও গ্রামে।
পুলিশ পরিদর্শক নজরুল বলেন, শ্রীমঙ্গলগামী একটি মিনিবাস বিপরীতমুখী ওই মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মিল্লাতের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরপর অপর দুজনেরও মৃত্যু হয়।
বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
