২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে গৃহবধূ খুন, শ্বশুরবাড়ির লোকজন পলাতক

সিরাজগঞ্জের বেলকুচিতে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর সগুনা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত আঙ্গুরী খাতুন (২০) ওই গ্রামের আল আমিনের স্ত্রী।

ঘটনার পর থেকে আল আমিন ও তার পরিবারের সবাই পলাতক রয়েছেন।

বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, তিন বছর আগে নাটোরের আমিরুল ইসলামের মেয়ে আঙ্গুরীর সঙ্গে আল আমিনের বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে।

ওসি বলেন, “বিয়ের পর থেকে স্বামী আল আমিনের সঙ্গে আঙ্গুরীর দ্বন্দ্ব চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ের আল আমিন এবং তার পরিবারের লোকজন আঙ্গুরীকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে তারা পালিয়ে যায়।”

পরে এলাকাবাসীর কাছে থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনিসুর।