শৈলকুপায় দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
ঝিনাইদহের শৈলকুপায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ভাটই বাজার এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি এমএ হাশেম খান জানান, হতাহতরা সবাই টেম্পোর আরোহী ছিলেন।
নিহত শাহিনের বাড়ি উপজেলার মাইলমারি গ্রামে।
আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ঝিনাইদহ থেকে ছেড়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের বাসটির সঙ্গে যাত্রীবাহী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহিনের মৃত্যু হয়।
