২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস দুর্ঘটনায় নয় শিক্ষার্থী নিহতের মামলায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

বেনাপোলে ২০১৪ সালে বাস দুর্ঘটনায় নয় শিশু নিহতের ঘটনায় বাস চালকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 11:30 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

বুধবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা চৌগাছা থানার এসআই মুন্সি আবু কুদ্দুস এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারজনকে অভিযুক্ত করে সোমবার সন্ধ্যায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় শহিদুল নামে একজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে অভিযোগপত্রে।

অভিযুক্তরা হলেন- বাসচালক ইস্রাফিল মোড়ল, চালকের সহকারী মহররম আলী, বাস মালিক হাফিজুর রহমান ও চৌগাছা উপজেলার কৃষক জাহাঙ্গীর আলম।

এ ঘটনায় বাস মালিক হাফিজুর রহমান ছাড়া সবাই গ্রেপ্তার হয়েছেন।

এসআই আবু কুদ্দুস আরও জানান, বীজ সংগ্রহের জন্য কৃষক জাহাঙ্গীর আলম শাকের ডাটা রাস্তার উপর শুকাতে দিয়েছিলেন। ওই দিন বৃষ্টির কারণে শাকের ডাটা ভিজে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এতে পিকনিকের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের মধ্যে পড়ে যায়।

এছাড়া বাস মালিক হাফিজুর রহমান লাভবান হওয়ার উদ্দেশ্যে বাসের ধারণ ক্ষমতা ৩০ সিটের স্থলে ৫২ সিট দিয়ে অতিরিক্ত যাত্রী বহন করিয়েছেন বলে অভিযোগপত্রে বলা হয়।

“এতেও সংকুলান না হওয়ায় চালক ও সহকারীর পরামর্শে বাসের মধ্যে বেঞ্চ দিয়ে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা করেন হাফিজুর,” বলেন এসআই কুদ্দুস।

২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা উপজেলায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশু নিহত হন।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন। পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আরও দুই শিশু মারা যায়।

ঘটনার পরদিন চৌগাছা থানা পুলিশের এসআই সাহাবুল আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুরনো খবর:

পিকনিকের বাস পুকুরে, ৭ শিশু নিহত