ধরে নিয়ে যুবকের কব্জি কর্তন
নরসিংদী সদরে এক যুবককে ধরে নিয়ে দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুরে উপজেলার সাহেপ্রতাপ এলাকার একটি ইটভাটা থেকে মো. আল-আমিনকে (২২) আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
আল-আমিন নরসিংদী শহরের বানিয়াছল মহল্লার ইব্রাহিম মিয়ার ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, বেলা দেড়টার দিকে নরসিংদী পৌরসভার সামনে থেকে অস্ত্রের মুখে আল-আমিনকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।পরে সাহেপ্রতাপ এলাকার একটি ইটভাটায় তার দুই হাতের কব্জি কেটে পালিয়ে যায় তারা।
চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে জানান ওসি মোশারফ।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা হতে পারে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।
