যৌন নিপীড়নের বিচার দাবিতে জাবিতে বিক্ষোভ
নববর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ‘প্রশাসনিক ভবন ঘেরাও’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টা থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
পরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, নিবন্ধক আবু বকর সিদ্দিক এবং প্রক্টর তপন কুমার সাহা আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের বলেন, “নিপীড়নের ঘটনার বিচারে আমরা দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আগামী ২৩ মে সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
উপাচার্য সিন্ডিকেটে নিপীড়কদের উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে।
‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের’ সংগঠক রেহেল ফেরদৌস সাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য আমাদের ২৩ মে সিন্ডিকেটে জড়িতদের বিচারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তার আশ্বাসে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি।”
“পরবর্তীতে বিচার নিয়ে কোন গড়িমসি হলে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হব।”
বাংলা নববর্ষের দিন সন্ধ্যায় অনুষ্ঠান শেষে হলে ফেরার পথে ছাত্রলীগের নেতাকর্মীর হাতে যৌন নিপীড়নের শিকার হন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ওই ঘটনায় অভিযোগ দেওয়া হলে ছাত্রলীগ থেকে পাঁচ জন এবং বিশ্ববিদ্যালয় থেকে আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়।
ওই ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত শেষে গত ১১ মে প্রতিবেদন জমা দেয়।
