২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার অনন্ত হত্যার নিন্দায় যুক্তরাষ্ট্র-ফ্রান্স

মুক্তমনার ব্লগার অনন্ত বিজয় দাসের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

দু'দেশের পক্ষ থেকেই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে অনন্ত নিহতের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণা অনুযায়ী যে কোনো প্রকার সহিংসতার ভয়ভীতি ছাড়াই চিন্তার শান্তিপূর্ণ প্রকাশ ঘটানোর সুযোগ বাংলাদেশে নিশ্চিত হবে বলেও আশাবাদ প্রকাশ করে ওয়াশিংটন।

ঢাকায় ফরাসি দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, "ইন্টারনেটসহ যে কোনো মাধ্যমে মত ও অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতার পক্ষে ফ্রান্স তার অবস্থান প্রকাশ করছে।"

ফ্রান্স সব ব্লগারকে হত্যার ঘটনা তদন্তের মাধ্যমে দোষিদের শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায়।

মঙ্গলবার সকালে সিলেটের সুবিদবাজার এলাকায় চার মুখোশধারী কুপিয়ে হত্যা করে অনন্তকে।