শার্শায় ‘জাল ডলারসহ’ যুবক আটক
যশোরের শার্শা উপজেলায় জাল ডলারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে নাভারন বাজারে তাকে আটক করা হয় বলে শার্শা থানার ওসি ইনামুল হক জানান।
আটক রেজোয়ান হক বাপ্পী (২২) যশোরের ঝিকরগাছা থানার কলাগাছী গ্রামের শামছুল হকের ছেলে।
“তার দেহ তল্লাশি করে ২৩টি ১০০ ডলারের জাল নোট পাওয়া যায়।”
ওসি ইনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাভারন বাজারে জাল টাকা কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বাপ্পীকে আটক করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
