বেলারুশ থেকে যন্ত্রপাতি কিনতে ঋণচুক্তি
সিটি করপোরেশন ও পৌরসভার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিনতে বেলারুশের সঙ্গে একটি ঋণচুক্তি হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের এই ঋণচুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (ইউরোপ) আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ এবং বেলারুশ সরকারের পক্ষে ঋণ প্রদানকারী সংস্থা ওপেন জয়েন্ট স্টক কোম্পানি (ওজেএসসি) প্রোম্যাগ্রোলিজিংয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল ওলেগ ভোচিটস ও সরবরাহকারী প্রতিষ্ঠান আমকোমোয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল (মার্কেটিং) সিয়ারহেই হিতসুকিভিস নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, যন্ত্রপাতি কিনতে ওজেএসসি ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। এ ঋণ নিয়ে সিটি করপোরেশন ও পৌরসভার জন্য বেলারুশের কোম্পানি থেকে ১১ ধরনের এক্সকাভেটর, টুইন ড্রাম ভাইব্রেটরি রোলার, লোডারসহ বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহ করা হবে।
বাংলাদেশ সরকার প্রকল্প ব্যয়ের ডাউন পেমেন্ট হিসেবে ১৫ শতাংশ অগ্রিম দিলেও ব্যয়ের ৮৫ শতাংশ দেবে ঋণ প্রদানকারী সংস্থা, যা ১ শতাংশ সুদ হারে ১১ বছরে (গ্রেস পিরিয়ড ৩ বছর) পরিশোধ করা যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক জানান, প্রথমবারের মতো বেলারুশ থেকে যন্ত্রপাতি আনা হচ্ছে। ১১টি সিটি করপোরেশন ও ৩২৪টি পৌরসভায় অগ্রাধিকারভিত্তিতে যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
“আশা করছি আগামী ছয় মাসের মধ্যে যন্ত্রপাতি দেশে চলে আসবে।”
বেলারুশের সরবরাহকরা যন্ত্রপাতিতে দুই বছরের ওয়ারেন্টি থাকবে জানিয়ে সচিব বলেন, এসব মেরামতের জন্যও বেলারুশ বাংলাদেশে একটি কারখানা স্থাপন করবে।
