নওগাঁয় আ. লীগ নেতা খুন
নওগাঁর পত্নীতলা উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে ইছাপুর মোড় এলাকা থেকে পুলিশ শফিকুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করেছে।
শফিকুল উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বোরাম গ্রামের সেতার উদ্দীনের ছেলে ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
এ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি পুলিশ কর্মকর্তারা।
পত্নীতলা থানার ওসি আব্দুর রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত রাত ১টার দিকে কে বা কারা তাকে মোবাইলে ফোনে কাটাবাড়ি যেতে বলে। এরপর তিনি মোটরসাইকেল নিয়ে মাহমুদপুর গ্রাম থেকে কাটাবাড়ির উদ্দেশে রওনা হন। রাতে আর বাড়ি ফেরেননি।
ভোরে তার মৃতদেহ ও মটরসাইকেলটি ইছাপুর মোড়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শফিকুলকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
হত্যার কারণ সর্ম্পকে নিশ্চিত হওয়া না গেলেও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন ওসি রফিক।
এ ব্যাপারে নিহতের স্ত্রী মানছুরা বেগম থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
শহিদুল ইসলাম উপজেলার কাটাবাড়ির বোরাম গ্রামের সেতাব উদ্দীনের ছেলে। প্রায় তিন বছর থেকে তিনি উপজেলার মাহমুদগ্রামে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া ভাড়িতে বসবাস করছিলেন।
