লালমনিরহাটে হত্যাচেষ্টা মামলার আসামিসহ ২ জন আটক
লালমনিরহাট সদর উপজেলায় সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন হত্যাচেষ্টা মামলার আসামিসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার রাতে জেলা শহরের মোগলহাটের দীঘলটারী এলাকায় এ অভিযান চালানো হয়।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী জানান, রাতে আটক দুজনকে তারা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এরা হলেন- দীঘলটারী গ্রামের রবিউল ইসলাম (২৩) ও শহরের কালীবাড়ি এলাকার সোহাগ (২৭)। তাদের মটরসাইকেলও জব্দ করেছে বিজিবি।
এদের মধ্যে রবিউল জনকণ্ঠ ও বাসসের সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি।
এছাড়া মাদক বিক্রির অভিযোগেও তাদের দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে বজলুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে মোগলহাট বিওপির টহল কমান্ডার নায়েক শামসুল হকের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে রবিউলকে তার বাড়ি থেকে আটক করে। এ সময় ওই বাড়িতেই ফেনসিডিলসহ সোহাগকে পাওয়া যায়।
গত ৬ মার্চ লালমনিরহাটে জনকণ্ঠ ও বাসসের প্রতিনিধি জাহাঙ্গীর আলমের ওপর হামলা হয়। মোগলহাট এলাকায় রবিউলসহ কয়েকজন গলায় ছুরি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করে।
এতে জাহাঙ্গীরের গলায় নয়টি সেলাই দিতে হয়। ঘটনার পর থেকে রবিউল পলাতক ছিলেন।
