২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে তৈরি পোশাক শ্রমিক এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 06:01 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সোমবার সকালে উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকায় রাজশাহী-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোয়েব হোসেন (২৫) কালিয়াকৈরের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তিনি জয়পুরহাট সদর উপজেলার পাথরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে।

এএসআই দাদন আরও জানান, সকাল পৌনে ৮টার দিকে কারখানায় কাজে যাওয়ার পথে মাটিকাটা রেলক্রসিং এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন শোয়েব।

এ সময় রাজশাহীগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগে নিহতের স্বজনরা লাশ নিয়ে যায় বলে জানান তিনি।