২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ৩ মামলা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ ও শুল্ক কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:24 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

এদিকে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় সংঘর্ষে বন্দর কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে।

রোববার বিকালে পুলিশ ও শ্রমিকদের সংঘর্ষের পর শ্রমিকরা মালামাল ওঠানামার কাজ এবং যশোর-বেনাপোল সড়ক বন্ধ করে দিয়েছিল। সোমবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।  

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক আসলাম খান জানান, ইমিগ্রেশন ও শুল্ক ভবনে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় পুলিশ দুটি এবং শুল্ক বিভাগ আরও একটি মামলা করেছে।

পুলিশের পক্ষে দুই মামলার বাদী এসআই জাকির হোসেন এবং কাস্টমসের মামলার বাদী হয়েছেন রাজস্ব কর্মকর্তা হাসানুজ্জামান।

এ তিন মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয় বলে জানান ইমিগ্রেশন পুলিশের এ কর্মকর্তা।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে এসব মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যাদের রোববার হামলা ও সংঘর্ষের পর আটক করা হয়েছিল।

এরা হলেন- বেনাপোল বন্দর হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌর কাউন্সিলর রাশেদুজ্জামান রাশেদ, রাশেদের আত্মীয় শাহিদা খাতুন ও তার স্বামী আসলাম হোসাইন, শ্রমিক ইদ্রিস আলি, রাসেল, মনিরুজ্জামান ও আমিনুদ্দিন।

এদের মধ্যে সংঘর্ষের সময় আহত কাউন্সিলর রাশেদকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম লাল জানান, শ্রমিক নেতা রাশেদের মুক্তির দাবিতে ঘটনার পর থেকে শ্রমিকদের একাংশ কাজে যোগদান না করায় সোমবার সকালে দুই ঘণ্টা বন্দরে পণ্য ওঠানামায় অচলাবস্থা দেখা দেয়।

পরে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা কাজে যোগ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।