চট্টগ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি এলাকায় পরাজিত ও জয়ী দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন এক ছাত্রলীগকর্মী।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিশ্বকলোনি সাত মার্কেট মোড়ে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
আহত আমিনুল ইসলাম রনি (২৭) ছাত্রলীগকর্মী। তাকে স্থানীয় বেসরকারি আল-আমিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ওয়ার্ডে গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম এবং পরাজিত প্রার্থী এরশাদ মামুন দুজনই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ার্ড যুবলীগের এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০-৩০ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে আমিনুল ইসলামের ওপর হামলা করে। এতে সে আহত হয়।”
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কয়েকদিন ধরে বিজয়ী প্রার্থী জসিম এবং পরাজিত প্রার্থী মামুনের সমর্থকদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ হচ্ছিল। এর ধারাবাহিকতায় রোববার সংঘর্ষে একজন আহত হয়।
