২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলবাসীদের মূল স্রোতে আনতে হবে: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের প্রেক্ষাপটে ছিটমহলবাসীদের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 07:47 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

তিনি বলেছেন, “সেখানকার অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হবে। ছিটমহলবাসীদের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে।”

রোববার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনসের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন।

ছিটমহলবাসীদের উন্নয়নে ইউএনডিপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ওয়াটকিনস দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।

বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময়ে ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাব গত সপ্তাহে দেশটির পার্লামেন্টে পাস হয়। এর ফলে দীর্ঘদিন ঝুলে থাকা সমস্যার সমাধান হচ্ছে।  

শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সদস্যদের ভূয়সী প্রশংসা জাতিসংঘ মহাসচিব করেছেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বাংলাদেশে বিশ্ব সংস্থাটির আবাসিক সমন্বয়কারী।

তিনি বলেন, “বান কি-মুন বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল। কারণ তিনি তার কূটনীতিক ক্যারিয়ারের  শুরু বাংলাদেশ থেকেই করেছিলেন।”

সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের প্রশংসাও করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের আশা প্রকাশও  করেন ওয়াটকিনস।

প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা অর্জনের কথা উল্লেখ করে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত তার সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন। শিক্ষা খাতকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি।

বিএনপি-জামায়াতের ৯২ দিনের রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতায় সাধারণ নাগরিকদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা প্রধানমন্ত্রী জাতিসংঘের কর্মকর্তার কাছে তুলে ধরেন।

“জবাবে ওয়াটকিনস এই সব ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সরকার তা কাটিয়ে উঠেছে বলে মন্তব্য করেন,” বলেন প্রেস সচিব।