বাগানে দুই শিশুর লাশ, নদী থেকে উদ্ধার ডুবন্ত মা’কে
বরিশালের বাবুগঞ্জের একটি বাগানে তিন বছর বয়সী যমজ দুই শিশুর লাশ পাওয়া গেছে, তাদের মাকেও অসুস্থ অবস্থায় পাশের একটি নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত দুই বোন মরিয়ম আক্তার ও আয়শা সিদ্দীকা উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকায় দিনমজুর সেলিম খানের মেয়ে।
শনিবার দুপুরে কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার এসআই মো. আমানুল্লাহ।
নিহত শিশু দুটির মা শারমিন বেগমকে (২৮) স্থানীয় সুগন্ধা নদী থেকে উদ্ধার করে উপজেলার দেহেরগতি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই আমানুল্লাহ বলেন, দুপুরের দিকে স্থানীয়রা সুগন্ধা নদী থেকে শিশু দুটির মা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে পশ্চিম ভূতেরদিয়া এলাকায় নদী তীরের একটি বাগান থেকে ওই দুই মেয়ে শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “শারমিন কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। ধারণা করা হচ্ছে, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলেন এই নারী।”
লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এসআই আমানুল্লাহ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
নিহত শিশু দুটির বাবা সেলিম খান বা তাদের আত্মীয়-স্বজনদের কারও কোনো খোঁজ পায়নি পুলিশ।
