২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আল আরাফা ব্যাংকের নিরাপত্তারক্ষী খুন

চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ে ঢুকে এক নিরাপত্তারক্ষীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 11:52 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ এ বিষয়ে জানতে পারলেও ঘটনাটি ঘটেছে আগের রাতে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, নিহত মো. ইব্রাহিম (৩৮) বৃহস্পতিবার রাতের পালায় ব্যাংকের ওই শাখায় নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

মুরাদপুর মোড়ে হোসেন টাওয়ার নামের ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকের কার্যালয়।

“ব্যাংক ভবনের দ্বিতীয় তলার পেছনের অংশের গ্রিল কেটে ডাকাতরা  রাতে ওই ভবনে প্রবেশ করে ইব্রাহিমকে জবাই করে হত্যা করে,” বলেন পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ব্যাংক বন্ধ ছিল।

রাতে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায়। রাত ১১টা পর্যন্ত ভবনটি ঘিরে রাখেন পুলিশ সদস্যরা। ওই ভবনে কোনো গণমাধ্যম কর্মীকে ঢুকতে দেওয়া হয়নি।

ব্যাংকের ব্যবস্থাপক সালামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৮টার দিকে ইব্রাহিমের স্ত্রী তার স্বামীর মোবাইল ফোন বন্ধ পাওয়ার কথা জানান। যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।

“এরপর আমি ব্যাংকের টেলিফোনে এবং ইব্রাহিমের মোবাইলে কল করেও তাকে পাইনি। পরে ভবন মালিককে বিষয়টি জানাই। ভবন মালিক গিয়ে ব্যাংকের ভেতর নিরাপত্তা কর্মী ইব্রাহিমের মুখে কাপড় ও কাঁথা চাপা দেওয়া দেখতে পায়। ঘটনা আমাকে জানালে পুলিশে খবর দিই।”

ব্যাংক ব্যবস্থাপকের কাছে খবর পেয়ে পুলিশ রাত ৯টার পর ঘটনাস্থলে যায়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, ব্যাংকের সিসিটিভির ফুটেজে মুখোশধারী তিনজনকে ব্যাংকে প্রবেশ করে ভল্ট ভাঙ্গার চেষ্টা করতে দেখা গেছে। তবে তারা কিছু নিতে পারেনি বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে।

“মুখোশধারীদের হাতে ছুরি, রড ও দা ছিল। তারা খুন করেই চলে গেছে,” বলেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ।