২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নিখোঁজ ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

রংপুরের পীরগাছা উপজেলায় নিখোঁজ স্কুলছাত্র শাহীন আলমের (১৪) বস্তাবন্দি লাশ পাওয়া গেছে লালমনিরহাটে।

লালমনিরহাট প্রতিনিধি

রংপুর ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 10:02 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

শুক্রবার লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার পাকারমাথা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

শাহীন রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগৎজীবন গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে এবং উপজেলার নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লালমনিরহাট সদর থানার ওসি এএইচএম মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা আড়াইটার দিকে একটি টেম্পু তিস্তা নদীর কাছে আসে। পরে তিন ব্যক্তি টেম্পু থেকে একটি বস্তা বের করে সেটি নদীতে ফেলার প্রস্তুতি নেয়।

ওই সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা টেম্পুর কাছে গিয়ে বস্তাটি কেড়ে নেয় এবং বস্তার মুখ খুলে লাশ দেখতে পায়।

লোকজন ওই তিন ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ শাহীন আলমের বস্তাবন্দি লাশ ও টেম্পুসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটকরা হলেন রংপুরের পীরগাছার জগৎজীবন গ্রামের দুলা মিয়ার ছেলে আলী আকবর (৪৫), সামসুল আলমের ছেলে টেম্পুচালক আবু তাহের (২০) এবং জৈমুদ্দিনের ছেলে সুরুজ মিয়া (১৪)।

রংপুরের পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, শাহিনকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা ইব্রাহীম মিয়া মৌখিভাবে জানিয়েছেন।

ইব্রাহীম মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে একই এলাকার প্রভাবশালী দুলা মিয়ার বাড়ির আম গাছ থেকে আম পাড়ে শাহীন। না বলে আম পাড়ার অভিযোগ তুলে দুলা মিয়ার ছেলে আলী আকবর শাহীনকে মারপিট করে। 

সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় শাহীনের সন্ধানে দুলা মিয়ার বাড়ি যান তিনি। তখন আলী আকবর জানান যে শাহীন বিকালেই বাড়িতে চলে গেছে।  

দুলা মিয়ার ছেলেরা তার ছেলেকে হত্যা করেছে বলে দাবি শাহীনের বাবার।