বঙ্গবন্ধুর সমাধিতে সাঈদ খোকন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন এই আওয়ামী লীগ নেতা।
গত ২৮ এপ্রিলের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনি বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।
শ্রদ্ধা নিবেদনের পর মেয়ার খোকন বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধু রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় তিনি বলেন, “হাজার বছরের সেরা বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছি। এখন আমি আমার দায়িত্ব পালনে কাজ শুরু করব।”
বসবাসযোগ্য অধুনিক ঢাকা বিনির্মাণে আগামী পাঁচ বছর তিনি নিরলস কাজ করার অঙ্গীকার করেন।
ওই সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
