চট্টগ্রামে ৬ সোনার বারসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে ছয়টি সোনার বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত অলক দেব (২৪) কক্সবাজারের ঈদগাঁ এলাকার বাসিন্দা।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যরা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী এস আলম সার্ভিসের একটি বাসকে থামার সংকেত দেয়।
“এ সময় অলক বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের মোজার ভেতর থেকে তিনটি করে মোট ছয়টি সোনার বার পাওয়া যায়।”
তাৎক্ষণিকভাবে সোনার পরিমাণ বা দাম জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা নজরুল।
তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলক জানিয়েছে, তিন হাজার টাকার বিনিময়ে কক্সবাজারের ঈদগাঁ এলাকার এক ব্যক্তি বারগুলো চট্টগ্রাম নগরীতে পৌঁছে দিতে তাকে দায়িত্ব দেয়। এ বিষয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
