বাসের ধাক্কায় মাইক্রোবাস চালক নিহত
মানিকগঞ্জের সাটুরিয়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন, আহত হন মাইক্রোবাসের অন্তত ছয় যাত্রী।
ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া থানার ওসি একেএম মিজানুল হক জানান, শুক্রবার দুপুরে মহাসড়কের গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রইচ উদ্দিন মণ্ডল (৩০) রাজবাড়ী সদরের মহাদেবপুর গ্রামের ইউসুফ আলী মণ্ডলের ছেলে।
আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেননি ওসি মিজানুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী এনএনবি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জগামী ওই মাইক্রোবাসকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রইসের মৃত্যু হয়।
ওসি মিজানুল বলেন, বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
