২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে পুলিশের উপর হামলা, আসামি ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেপ্তার পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 03:54 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

শুক্রবার ভোর ৪টার দিকে শাহ্জাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পুলিশ সাধু মিয়া (৩৭) নামে গ্রামের এক ব্যক্তিকে আটক করেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- সরাইল থানার এসআই শফিকুল ইসলাম, এসআই মশিউর রহমান, এএসআই শাহ্জাহান, কনস্টেবল আলাউদ্দিন ও শহীদুল। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসীদের মধ্যেও পাঁচজন আহত হওয়ার খবর পেলেও তাদের পরিচয় জানা যায়নি। গ্রেপ্তার এড়াতে তারা গোপনে চিকিৎসা নিচ্ছে বলে স্থানীয়রা জানায়।

সরাইল থানার ওসি মো. আলী আরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে সরাইল থানা পুলিশের একটি দল মারামারি মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তারে শাহ্জাদাপুর গ্রামে অভিযান চালায়।

পুলিশ গোলাপ মিয়া, আইয়ূব খান, সামার আলী, রেজন মিয়া ও জহির মিয়াকে আটক করে।

তিনি বলেন, আটকৃতদের থানায় আনার সময় স্থানীয় সাধু মিয়ার নেতৃত্বে একদল গ্রামবাসী পুলিশের উপর হামলা চালিয়ে আটক আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় পুলিশ নিজেদের রক্ষার্থে ১৮ রাউন্ড গুলি বর্ষণ করে বলে জানান ওসি।

ওসি আলী আরশাদ আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি তিনি।