ভাস্কর নভেরার মৃত্যুতে খালেদার শোক
ভাস্কর নভেরা আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, “তার মৃত্যুতে দেশের ভাস্কর্যশিল্পে অপূরণীয় ক্ষতি হলো। এটা সহজে পূরণ হবার নয়। তার কর্মই তাকে চিরভাস্কর করে রাখবে। আমাদের স্মৃতিতে তিনি থাকবেন অম্লান।”
দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করছিলেন নভেরা আহমেদ।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছের শথমেলে দ্বীপে নিজের বাড়িতে মঙ্গলবার রাতের কোনো এক সময় ঘুমের মধ্যে মারা যান তিনি। ৮৪ বছরের বেশি বয়স হয়েছিল তার।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার ও দেশের ভাস্কর্যশিল্পের অগ্রদূত নভেরা আহমেদের মৃত্যুর সংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত হয়েছি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”
খালেদা জিয়া বলেন, “নভেরা আহমেদের হাত ধরেই বাংলাদেশের ভাস্কর্য আধুনিক ভাষা পেয়েছিল। তিনি নিজস্ব সংস্কৃতি, পরিবেশ ও উপাদান নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন বলে তার চলে যাওয়ায় আমাদের অপূরনীয় ক্ষতি হয়েছে।”
