২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবি শিক্ষককে গুলি করে টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক শিক্ষকের পায়ে গুলি করে তার সঙ্গে থাকা ৭ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 04:30 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম পাশের সড়কে এই ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শেকৃবির প্রক্টর অধ্যাপক মিজানুর রহমান।

কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক পরিমল কান্তি বিশ্বাসকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রক্টর মিজানুর বলেন, পরিমল কান্তি বিশ্বাস সকাল ১১টার দিকে মোহাম্মদপুরের একটি ব্যাংক থেকে তার ডিপিএসের ৭ লাখ ৭০ হাজার টাকা তুলে রিকশায় বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।

“রিকশাটি রেসিডেন্সিয়াল মডেল কলেজের পশ্চিম পাশের সড়কে পৌঁছলে একটি মোটর সাইকেলে আসা ছিনতাইকারীরা পরিমল বিশ্বাসের বাম হাঁটুতে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।”

এই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর মিজানুর।

এ ঘটনার বিষয়ে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি।