২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বজ্রপাতে ভাই-বোনসহ নিহত ৫

ময়মনসিংহের তিন উপজেলায় বজ্রপাতে স্কুলপড়ুয়া ভাই-বোনসহ পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 03:56 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

বৃহস্পতিবার সকালের দিকে ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলায় প্রায় একই সময়ে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত হলে হতাহতের এই ঘটনা ঘটে বলে তিন উপজেলার পুলিশ কর্মকর্তারা জানান।

নিহতরা হলেন- দেলোয়ার হোসেন (১২) ও তার বোন রহিমা খাতুন (৯), রুবেল করিম (৩২), জমশেদ আলী (৫০) এবং কফিল উদ্দিন (৫৫)। 

আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে ধোবাউড়ার ওসি আব্দুল হক জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।

এরা হলেন- বাঘড়া কান্দাপাড়া গ্রামের আতর খানের ছেলে গুজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দেলোয়ার ও তার বোন একই স্কুলের প্রথম শ্রেণির রহিমা। 

আহত তিনজনকে প্রথমে ধোবাউড়া স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সকালে দেলোয়ার ও রহিমা ঘরের খোলা বারান্দায় বসে পড়াশোনা করছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হয় এবং বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ওসি জাকিউর রহমান জানান, তার এলাকায় ধারা ইউনিয়নের পরুড়া পাড়া গ্রামের রুবেল করিম, বানিয়াকান্দা গ্রামের জমশেদ আলী বজ্রপাতে মারা গেছেন।

গ্রাম দুটিতে আইসিন (১১), নুরজাহান (৪৫), আইমনা (৪৭) নামের আরও তিনজন আহত হন বলে জানান ওসি।

প্রায় একই সময়ে ফুলপুরের ধানারভিটা গ্রামে বজ্রপাতে কফিল উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয় বলে ফুলপুর থানার ওসি মাজাহারুল হক জানান।