রাজধানীতে গৃহবধূকে হত্যার অভিযোগ
রাজধানীর মুগদায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
তবে স্বামীর দাবি, চারতলার ছাদ থেকে পড়ে মারা গেছেন তার স্ত্রী।
জেসমিন আক্তার (২০) নামের ওই নারীকে বুধবার রাত ১০টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে মুগদা থানার উপপরিদর্শক মাইনুল হক জানান।
এ ঘটনায় জেসমিনের স্বামী রংমিস্ত্রি মহসীন আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
উপপরিদর্শক মাইনুল বলেন, “মহসীন বলছেন, বুধবার রাত ১০টার দিকে মাণ্ডার ঝিলপাড়ের বাড়ির চতুর্থ তলা থেকে পড়ে জেসমিন আহত হন।”
“তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, মহসীন প্রায়ই জেসমিনকে মারধর করতেন। বুধবার রাতেও তাকে মারধর করা হয়েছে।”
পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান উপ পরিদর্শক মাইনুল।
