২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ চেষ্টার মামলায় এসআই  

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও দুই সোর্সের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2015, 04:05 PM

Updated : 25 Apr 2022, 01:19 PM

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালে মামলাটি দায়ের করেন নবীনগর উপজেলার মহল্লা গ্রামের এক গৃহবধূ।

আসামিরা হলেন এসআই মাইনুল ইসলাম এবং দুই সোর্স সাকিল ওয়াহেদ সুমন ও আল আমিন।

বাদীনির আইনজীবী মো. আবু তাহের জানান, আদালত সদর থানার ওসিকে আগামী ৬০ দিনের মধ্যে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে।

মামলার নথি থেকে জানা যায়, বাদীনির প্রথম স্বামীর মৃত্যুর পর নবীনগরের শ্রীঘরের আবুল হাশেমের সঙ্গে আবার বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের কিছুদিন পরই যৌতুকের জন্যে নির্যাতন শুরু করলে তিনি নবীনগর থানায় স্বামী আবুল হাসেম ও আরও কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এই মামলার সূত্রেই বাদীনির সঙ্গে ডিবির এসআই মাইনুলের পরিচয় হয়।

এরপর বাদীনির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে আবুল হাসেমকে ধরে আনেন মাইনুল।

পরবরর্তীতে আবুল হাসেমের সঙ্গে আপোষ রফার কথা বলে মাইনুল বাদিনীকে তার ধাতিয়ারার বাসায় নিয়ে দুই সহযোগী সাকিল ওয়াহেদ সুমন ও আল আমিনসহ ধর্ষণের চেষ্টা করেন।

সেখানে তিন দিন তাকে আটকে রেখে শারীরিক নির্যাতনও করা হয়।

অভিযোগে বলা হয়, এর এক পর্যায়ে এসআই মাইনুল ইসলাম অস্ত্রের মুখে বাদীনির কাছ থেকে দুটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে এবং ব্যাংকের একটি চেকে স্বাক্ষর নেন।

পরে ওই স্ট্যাম্পে বাদীনির সঙ্গে সুমনের বিয়ের চুক্তির কথা লেখা হয়, যা তিনি জানতেন না।

এছাড়া তার কাছ থেকে দুই ভরি স্বর্ণলংকার ও একটি মোবাইল ফোন সেট রেখে দেওয়ারও অভিযোগ রয়েছে এজাহারে।

এজাহারে আরও বলা হয়, ১৯ এপ্রিল এসআই মাইনুল বাদীনিকে নিয়ে কাউতলির সিটি ব্যাংকের শাখায় গিয়ে সাড়ে চার লাখ টাকা উঠিয়ে রেখে দেন এবং বাদীনিকে সুমন ও আল আমিনের মাধ্যমে বাসায় পাঠিয়ে দেন।

বাসায় যাওয়ার পরও সুমন তাকে ধর্ষণের চেষ্টা করেন। সেখান থেকে নয়নপুরের বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন আল আমিন।

এ ব্যাপারে এসআই মাইনুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি ছুটিতে ঢাকায় আছেন বলে জানান। এছাড়া এই মামলার বিষয়ে কিছু জানেন না বলে জানান।