২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উসকানি নয়, শ্রমিকদের কল্যাণের দিকে তাকান’

ধ্বংসাত্মক কর্মকাণ্ডে শ্রমিকদের উসকানি না দিয়ে তাদের কল্যাণের দিকে মনোযোগী হতে ট্রেড ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 08:58 PM

Updated : 12 Oct 2022, 03:38 PM

মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “ট্রেড ইউনিয়ন মানে এই না যে, শুধু শ্রমিকদের উসকে দেবে। আর সেই শ্রমিকরা উত্তেজিত হয়ে যে শিল্প তার অর্থ উপার্জনের পথ করে দেয়, সে শিল্পকে ধ্বংস করবে। 

“এই ধরনের ধ্বংসাত্মক কাজে আমাদের শ্রমিকরা লিপ্ত হবেন না, সেটাই আমি চাই।”

মে দিবস উপলক্ষে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে সরকার প্রধান ট্রেড ইউনিয়নকে ‘ব্যক্তিস্বার্থে’ ব্যবহার না করারও আহ্বান জানান।

“ট্রেড ইউনিয়নে যারা নেতৃত্ব দেবেন, তারাও শ্রমিকদের জন্য কল্যাণমুখী কাজ যেন হয়, সেদিকে দেখবেন। সেখানে যেন ব্যক্তিস্বার্থ প্রাধান্য না পায়, সে বিষয়টার দিকে আমি বিশেষভাবে দৃষ্টি দেব।”

ট্রেড ইউনিয়ন নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “যারা ট্রেড ইউনিয়ন করছেন, নেতৃত্ব দিচ্ছেন- তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি মূল্যায়ন করবেন। সেখানে দেশের স্বার্থকে প্রাধান্য দেবেন। দেশের স্বার্থ, দেশের পরিবেশ, দেশের আর্থসামাজিক অবস্থা, সেটা বিশেষভাবে বিবেচনা করবেন। সেটা আমার বিশেষ অনুরোধ থাকবে।”

মালিক-শ্রমিকের সুসম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “শ্রমিক ও মালিক উভয়েরই একটা সুসম্পর্ক থাকা একান্তভাবে প্রয়োজন। শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক থাকলে উৎপাদনের উৎকর্ষ বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পাবে এবং উপার্জনও বৃদ্ধি পাবে।

“কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সব থেকে যেটা প্রয়োজন..কারণ, মালিকরা আপনারা অর্থ দেন, আপনারাও একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

“কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে যারা শ্রম, ঘাম দিয়ে আপনার প্রতিষ্ঠানকে চালিয়ে রাখে এবং অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করে দেন, তারা হচ্ছে শ্রমিক শ্রেণি।”

শ্রমিক কল্যাণ সংস্থা অথবা ট্রেড ইউনিয়নের নেতাদের দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সকলেরই দেশের প্রতি একটা দায়িত্ববোধ দিয়ে কাজ করতে হবে। দেশের স্বার্থকে সকলের আগে দেখতে হবে।”

শ্রমিকদের প্রতি সহনশীল হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “মনে রাখতে হবে, শিল্প বেঁচে থাকলেই কেবল আপনাদের কর্মসংস্থান হবে। সেদিকে দৃষ্টি দিয়ে সহনশীল মনোভাব নিয়ে আপনাদের স্ব স্ব দায়িত্ব পালন করতে হবে।”

শ্রমজীবীদের দিকে বিশেষ দৃষ্টি দিতে শিল্প মালিকদের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

“তারাও (শ্রমিক) মানুষ, তারাও ভালোভাবে বাঁচতে চায়,” বলেন তিনি।

শ্রমের মর্যাদা এবং শ্রমিকের কল্যাণে আরও মনোযোগী হতে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা যত বেশি শ্রমিকদের কল্যাণের দিকে তাকাবেন, তত বেশি আপনার উৎপাদন বৃদ্ধি পাবে, তত বেশি অর্থ আপনারা উপার্জন করতে পারবেন।”

১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা শ্রমের ন্যায্য মূল্য এবং আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করার দাবিতে আন্দোলন গড়ে তোলে।আন্দোলন দমনে সেদিন শ্রমিকদের ওপর গুলি চালানো হয়। ১০ শ্রমিকের আত্মত্যাগে গড়ে ওঠে বিক্ষোভ। প্রবল জনমতের মুখে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের আট ঘণ্টা কাজের সময় নির্ধারণ করতে বাধ্য হয়।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের সংগ্রামী ঐক্যের অর্জনকে স্বীকৃতি দিয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে 'মে দিবস' পালিত হচ্ছে।

বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে ঐক্য ও সংহতি প্রকাশ করে বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালন করা হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই বিশ্বের সব শ্রমজীবী মানুষকে মে দিবসের শুভেচ্ছা জানান।

রানা প্লাজা ধসসহ বিভিন্ন দুর্ঘটনায় যে সব শ্রমিক মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন শেখ হাসিনা।

শ্রমিকদের জন্য মজুরি কমিশনের ঘোষণা দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার পোশাক শ্রমিকের মজুরি তিন দফায় বাড়িয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬০০ টাকা থেকে ৫৩০০ টাকা করা হয়েছে।

“জীবনযাপনের ব্যয়, মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির হারের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও পুনঃনির্ধারণ প্রক্রিয়া যাতে চলমান থাকে সেজন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করে দেব।”

এজন্য মজুরি কমিশন ও সংশ্লিষ্ট আইনগুলো যখন বাস্তবায়ন করা হবে তখন এই বিষয়গুলো যাতে নিশ্চিত হয় সেজন্য বিশেষভাবে দৃষ্টি রাখবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “বৈষম্যহীন, নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং শিশু শ্রমমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিল্প-কল-কারখানায় দুর্ঘটনা কমিয়ে আনতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।”

ভবন ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে ‘গার্মেন্টস শিল্প বিষয়ক মন্ত্রিসভা কমিটি’ গঠন, আইএলও কনভেনশনের আলোকে ‘শ্রম আইন ২০০৬’ সংশোধন, জাতীয় শ্রমনীতি ২০১২ প্রণয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শ্রম আইন ২০০৬ এর বিধিমালা অচিরেই চূড়ান্ত করা হচ্ছে।

“বিভিন্ন শিল্প-কারখানায় কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য আমরা কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করেছি। এর জনবল ৩১৪ থেকে ৯৯৩ জনে উন্নীত করেছি।

“নিয়মিত যেন পরিদর্শন করা হয়, সেজন্য বিশেষভাবে নজর দিচ্ছি। গার্মেন্টস শিল্পে কমপ্লায়েন্স ইস্যুটিকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। এ শিল্পের উন্নয়নে আইএলও’র সহায়তায় ত্রিপক্ষীয় জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।”

সংবিধানের ১৫, ২৮, ৩৮ ও ৪০ অনুচ্ছেদের আলোকে এবং আইএলও কনভেনশন অনুসরণে সরকার শ্রমনীতি বাস্তবায়ন ও শ্রমিক কল্যাণ নিশ্চিত করতে ‘বদ্ধপরিকর’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শ্রমিকদের ন্যায্য বকেয়া পরিশোধ করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, “বাড়ি ভাড়ার নামে পোশাক শ্রমিকদের উপর যে জুলুম চালানো হচ্ছে, তা বন্ধ করতে হবে।”

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি মুন্নুজান সুফিয়ান, বাংলাদেশে আইএলও’র পরিচালক শ্রীনিবাসন রেড্ডি এবং ‘এমপ্লয়ার্স ফেডারেশন’র সভাপতি তপন চৌধুরী বক্তব্য রাখেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল সিপার স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি এবং বিভিন্ন শিল্পের মালিকরা উপস্থিত ছিলেন।