২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার শুরু মেঘনায় মাছ ধরা

সরকারি নিষেধাজ্ঞায় দুমাস বন্ধ থাকার পর মেঘনায় মাছ শিকার শুরু হয়েছে।

আল ইমরান শোভন

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 06:10 PM

Updated : 12 Oct 2022, 03:38 PM

শুক্রবার থেকে জেলেদের মাছ ধরতে মেঘনায় নামতে আর কোনো বাধা নেই। ইতোমধ্যে তারা জাল ও নৌকা মেরামতের কার শেষ করেছে। যারা এখনও শেষ করতে পারেনি তাদের চলছে শেষ মুহূর্তের কাজ।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার।

এ কারণে মাছ ধরে জীবিকা নির্বাহকারী অনেক জেলে পরিবার-পরিজন নিয়ে অভাব-অনটনে দিন কাটান বলে জানান। 

চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকার জেলে কাশেম ছৈয়াল, হারুন, জসিম বলেন, এখন তারা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। তাদের জাল ও নৌকা মেরামতের কাজ শেষ। এখন মেঘনায় মাছ শিকারে নামতে আর বাধা নেই।

দুই মাস মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে জীবনযাপন করতে হয়েছে বলে জানান তারা।

এই সময় সরকারিভাবে যে পরিমাণ চাল দেওয়া হয়েছে তা দিয়ে পরিবার চালানো সম্ভব ছিল না বলেও দাবি করেন তারা।

চাঁদপুরের হাইমচর উপজেলার জেলে আবু তাহের, সোলেমান ও হাশেমও একই কথা জানান।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে।

ইলিশের পোনা (জাটকা) নিধন প্রতিরোধকল্পে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে মার্চ-এপ্রিল দু মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য মন্ত্রণালয়। এর মধ্যে চাঁদপুরের নদীসীমানা হচ্ছে ৬০ কিলোমিটার।

নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল, জাল পুড়িয়ে দেওয়া ও জরিমানা করা হয়।

দুই মাস অভিযানকালে ৩৩৫ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৬১ জন জেলেকে ৪ লাখ ৬১ হাজার টাকা জরিমানাও করা হয়।

মৎস্য কর্মকর্তা আরও জানান, চাঁদপুরে মেঘনায় মাছ ধরার কাজে নিয়োজিত রয়েছেন ৩৬ হাজার ৫৩৫ জন জেলে। এদের মধ্যে ২৮ হাজার ৯৬৭ জেলেকে নিষিদ্ধ সময়ে ৪০ কেজি করে ৪ মাস চাল দেওয়া হয়।