২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বন্ধ ঘরে অজ্ঞাত যুবকের লাশ

ঢাকার সাভারে তালাবন্ধ একটি ঘর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2015, 04:14 PM

Updated : 22 Aug 2022, 12:11 PM

শুক্রবার উওরপাড়ার একটি ভাড়া বাড়িতে লাশটি পাওয়া যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাভার উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মতিউর রহমানের উওরপাড়া এলাকার ভাড়া বাড়ির তালাবদ্ধ একটি কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘরটির তালা ভেঙ্গে ভিতর থেকে যুবকটির লাশ উদ্ধার করে।

যুবকটির মৃত্যু অন্তত তিন দিন আগে হওয়ায় লাশ পচে বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

বাড়ির মালিক ও প্রতিবেশীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ফার্নিচার মিস্ত্রী প্রল্লাদ সরকার ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। তবে লাশটি তার নয়।

গত তিন দিন ধরে প্রল্লাদ সরকারেরও কোনো হদিস নেই। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে প্রল্লাদ সরকার জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাড়ির মালিক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মতিউর রহমান বলেন, মৃত ব্যক্তি ভাড়া নেওয়া প্রল্লাদ সরকার নন।

তবে প্রল্লাদ সরকারের কোনো ঠিকানা জানেন না বাড়ির মালিক।