সলঙ্গায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা
সিরাজগঞ্জের সলঙ্গায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
নিহত সীমা খাতুন (২৫) সলঙ্গা থানার আমডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী।
বৃহস্পতিবার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনার পর থেকে জাহাঙ্গীর ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, দুই বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে সীমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে প্রায়ই সীমার উপর নির্যাতন চালাত।
বুধবার বিকালে অন্তঃসত্ত্বা সীমার উপর আবারও নির্যাতন চালিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
