২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার কবর প্রাঙ্গণে ভাংচুর

রাজধানীর শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে স্থাপনায় ভাংচুর চালানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 01:55 PM

Updated : 12 Oct 2022, 03:38 PM

পুলিশ বলছে, বুধবার রাতে কোনো এক সময় ‘অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা’ এ ঘটনা ঘটায়। 

কবর প্রাঙ্গণের তত্ত্বাবধায়কসহ ছয়জনকে আটক করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার আফরুজুল হক টুটুল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকালে সেখানে কয়েকটি টাইলস খুলে ফেলা অবস্থায় পাওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করছি।”

সকালে কবর প্রাঙ্গণে গিয়ে ১১টি মার্বেল টাইলস ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্রী।

কবর প্রাঙ্গণের পরিচ্ছন্নতাকর্মী মিজানুর রহমান জানান, প্রতিদিনের মতো তিনি ভোরে ঝাড়ু দিতে এসে এই দৃশ্য দেখে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খবর দেন।

“আমি ঝাড়ু দিতে এসে দেখি, কবরের চারপাশের ভাঙা মার্বেল পাথর পড়ে আছে। শক্ত কিছু দিয়ে সেগুলো ভাঙা হয়েছে বলে আমার ধারণা।”

কারা এ ঘটনা ঘটিয়েছে জানতে চাইলে মিজান বলেন, “আমি ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত কাজ করি। রাতেই তারা ভেঙে রেখে গেছে।”

গণমাধ্যমে এ খবর প্রকাশিত হলে শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস ঘটনাস্থলে আসেন বেলা সোয়া ১২টার দিকে। এরপর তিনি গৃহায়ন ও গণপূর্ত বিভাগের কার্যালয়ে খবর দেন।

বেলা ১টার আগে গৃহায়ন ও গৃণপূর্ত বিভাগের একজন কর্মকর্তা সেখানে উপস্থিত হন। তার নির্দেশে সংস্থার দুই কর্মচারী আঙ্গুর ও তুহিন ভাঙা মার্বেল পাথরগুলো জায়গামতো বসানোর চেষ্টা করে ব্যর্থ হন।

বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, আবুল হোসেনসহ কয়েকজন দুপুরে জিয়ার কবর প্রাঙ্গণে আসেন। 

পরে এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, “মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানের কবরে ভাংচুরের ঘটনা দূরভিসন্ধিমূলক চক্রান্ত বলে আমরা মনে করি। সিটি নির্বাচনের প্রচারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা, ভোট ডাকাতির নির্বাচনে জনরায় ছিনতাই এবং শহীদ জিয়ার কবরে ভাংচুরের ঘটনা একই সূত্রের গাঁথা।”

ইশতিয়াক আজিজ উলফাত বলেন, “মাজারের পাশেই সুরক্ষিত গণভবন। এ রকম একটি সংরক্ষিত এলাকায় পুরো উদ্যান জুড়ে নিরাপত্তা বেষ্টনী আছে। এরমধ্যে কীভাবে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটল তা রহস্যজনক।”

এর আগে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সস্মেলনে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “গণভবনের কাছে এতো নিরাপত্তার মধ্যে একদল দুর্বৃত্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে ভাঙচুর চালিয়েছে। আমরা এর কঠোর নিন্দা জানাই। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি আমরা।”