যমুনা রিসোর্ট: স্থিতাবস্থা চলবে
যমুনা রিসোর্টের বিষয়ে ১৭ মে পর্যন্ত স্থিতাবস্থা রেখে রাষ্ট্রপক্ষকে এর মধ্যে নিয়মিত আপিল করতে বলেছে সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী আবদুন নূর দুলাল।
যমুনা রিসোর্টের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার মারগুব কবির।
যমুনা রিসোর্ট লিমিটেডের (জেআরএল) সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চুক্তি বাতিলের নোটিস গত ২৩ এপ্রিল হাই কোর্ট স্থগিত করে দেয়। তার বিরুদ্ধেই রাষ্ট্রপক্ষ আপিল আদালতে এসেছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব তীরে টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলায় অবকাশযাপন কেন্দ্র গড়ে তুলতে ১৯৯৯ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছর মেয়াদে প্রায় ১৬২ হেক্টর জমি ইজারা নেয় যমুনা রিসোর্ট কর্তৃপক্ষ।
কিন্তু চুক্তি অনুসারে পাওনা পরিশোধ ও সার্টিফিকেট অব সেটিসফেকশন (সিএস) স্বাক্ষর না করার কারণ দেখিয়ে জেআরএলের সঙ্গে ওই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ।
এর ধারাবাহিকতায় ১ এপ্রিল চুক্তি বাতিলের নোটিস দেওয়া হলে জেআরএল কর্তৃপক্ষ ঢাকা জেলা জজ আদালতে সালিশী মামলা করে।
আদালত প্রাথমিক শুনানি নিয়ে ২ এপ্রিল ওই সিদ্ধান্তের ওপর স্থিতাবস্থা দেয়। আর শুনানি শেষে ২২ এপ্রিল আবেদনটি খারিজ করে দেয় আদালত।
এর বিরুদ্ধে জেআরএল হাই কোর্টে গেলে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ গত ২৩ এপ্রিল নোটিস স্থগিতের পাশাপাশি রুল জারি করে।
জেআরএলের মামলা খারিজের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না- রুলে তা সেতু কর্তৃপক্ষের কাছে জানতে চায় হাই কোর্ট।
ওই আদেশ স্থগিতের আবেদন নিয়ে রাষ্ট্রপক্ষ গত ২৬ এপ্রিল চেম্বার আদালতে গেলে বিচারক বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় আসে।
আদেশের পর রফিক-উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থিতাবস্থা ১৭ মে পর্যন্ত অব্যাহত থাকবে। এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। ওই দিন বিষয়টি শুনানির জন্য আসবে।”
ওই জমি ও স্থাপনা বর্তমানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে। স্থিতাবস্থার মেয়াদ বাড়ায় তা তাদের তত্ত্বাবধানেই থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষের আইন উপদেষ্টা আবদুন নূর দুলাল।
ব্যারিস্টার রফিক জানান, রিসোর্টে থাকা পশু-পাখির রক্ষণাবেক্ষণের বিষয়ে অ্যাটর্নি জেনারেল আদালতে অঙ্গীকার করেছেন। সেতু কর্তৃপক্ষকে পশুপাখির যত্ন ও তদারিক করতে বলা হয়েছে।
